‘কেমন আছি, বুঝতে পারছি না’
হাত ও মাথার ক্ষত শুকাতে শুরু করলেও দুঃসহ স্মৃতি ভুলতে পারছেন না শুদ্ধস্বর কার্যালয়ে হামলায় আহত রণদীপম বসু।
সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় কেবিনে কথা হয় তার সঙ্গে।
স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম এসেছিলেন, তাই সাংবাদিকরাও সুযোগ পেয়ে যান কেবিনে ঢোকার। একে একে তার সঙ্গে আহত তিন জনের কেবিনে যান এই প্রতিবেদক।
শয্যায় শুয়ে থাকা অবস্থায় রণদীপমের পাশে দাঁড়াতেই একটু নড়ে-চড়ে উঠেন। আধখোলা চোখে তাকালেন; ঠোট কাঁপছিল।
পরিচয় দিয়ে কেমন আছেন জানতে চাইতেই মুখের দিকে তাকালেন। খুব নিচু শব্দে বললেন, “কেমন আছি, বুঝতে পারছি না। কখন যে কেমন লাগছে, তা উপলব্ধিও করতে পারছি না।”
শনিবার দুপুরে লালমাটিয়ায় ওই হামলায় তিনি ছাড়াও আহত হন শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুল ও তারেক রহিম।
তারাও আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে।
রণদীপমের হাত ও মাথায় ব্যান্ডেজ। গলার নিচেও জখম রয়েছে। বাম হাতের ব্যান্ডেজ দেখিয়ে বলেন, “ভয় হয়, কখন যে কী হয়?”
সেদিনের ঘটনা জানতে চাইলে কোনো কথা না বলে কিছুক্ষণ চুপ করে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে চোখও বন্ধ করে ফেলেন।
পাশে বসে থাকা বন্ধু প্রভাস দাশ জানান, তিন জনের মধ্যে রণদীপম ভালো আছেন। সকালে রুটি, কলা ও দুধ খেয়েছেন। স্বাভাবিক খাবার খেতে বলেছেন চিকিৎসক।
স্বাস্থ্যমন্ত্রী প্রথমেই যান রণদীপম বসুর কক্ষে; পরে তারেক ও টুটুলের কক্ষে।
তারেক রহিমের কক্ষে মন্ত্রীর ঢোকার পর দেখা গেল সবাই তাকে নিয়ে ব্যস্ত। কিন্তু কক্ষের উত্তরকোণে এক বৃদ্ধ নারী চুপ করে বসে রয়েছেন।
ওই বৃদ্ধার কাছে গিয়ে তিনি তারেকের মা কিনা জানতে চাইতেই শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে শুরু করেন।
কয় ছেলে জানতে চাইলে তিনি দুই আঙ্গুল দেখান। আর কয় মেয়ে- দেখান চার আঙ্গুল। মুখে একটি শব্দও উচ্চারণ করতে পারছিলেন না তারেকের ষাটোর্ধ্ব মা।
তারেক রহিমের বড় ভাই আদিল রহিম বলেন, “তারেকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।”
তিন জনকে দেখার পর স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, “গুরুতর আহত তিন জন রোগীকে দেখে আসলাম। তারা অনেকখানি সুস্থ আছেন।”
“যারা খুন ও হত্যার মাধ্যমের দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তারা অবশ্যই পরাস্ত হবে। আমরা ভয়কে জয় করে এগিয়ে যাচ্ছি। বাংলার জনগণ চিরদিনই ভয়কে জয় করে এগিয়ে গেছে।”
বর্ষীয়ান এই নেতা বলেন, “আমি বিশ্বাস করি, প্রশাসন কঠোরভাবে নির্দয়ভাবে এই সমস্ত হত্যাকারী, খুনিদের দমন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
রোববার আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক সম্পর্কে যে মন্তব্য করেছেন সে সম্পর্কেও তার কাছে জানতে চান সাংবাদিকরা।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দীপনের হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক। তার পরিবারের প্রতি, তার পিতা-মাতার প্রতি সকলে সহানুভূতি আছে, এই ঘটনার আমরা তীব্র নিন্দা করি।
“আমাদের যুগ্ম সম্পাদক যে কথা বলেছেন, তা প্রত্যাহার করেছেন, দুঃখ প্রকাশ করেছেন। এরপর তো আর কথা নেই।”
আহতদের বিষয়ে হাসপাতাল পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “টুটুলের আগেই থেকেই ডায়াবেটিস ও হার্টের সমস্যা আছে। রক্তচাপও বেশি। তার ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। আশা করছি তিন জন ভালো হবেন।”
তিনি বলেন, “রণদীপম আশঙ্কামুক্ত; তারেকের অবস্থাও আগের থেকে ভালো। হাতের ব্যাপারে আগামী বৃহস্পতিবার অপারেশন থিয়েটারে নিয়ে রিভিউ করব। তার দুটো আঙ্গুল সেভ করা যায় কিনা।”
পুরোপুরি সুস্থ হতে কতদিন লাগবে জানতে চাইলে পরিচালক বলেন, “সময় লাগবে।”
নিউরো-সার্জারি বিভাগের চিকিৎসক উজ্জ্বল কুমার সাধু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারেকের কোমরে বুলেট ছাড়াও, বামহাতে ৫/৬টি ও ঘাড়ে ১টি আঘাত রয়েছে। বৃদ্ধাঙ্গুল ও তর্জনীর গোড়ায় কোপের জখম আছে। বাম হাতের কব্জিতেও কোপের জখম রয়েছে।
“বৃদ্ধাঙ্গুল ও তর্জনী ঠিকমতে জোড়া লেগেছে কিনা তা পুনরায় অপারেশনে নিলে বোঝা যাবে।”
তিনি জানান, তারেকের ডান হাত ও মাথায়ও আঘাত রয়েছে। আর টুটুলের ডান গাল, কপাল ও মাথায় কোপের দাগ রয়েছে।
অন্যরা এখন যা পড়ছেন
প্রভাবশালীদের কথায় পুলিশ চলে না
এই পুলিশ দিয়ে আমরা কী করব?
শবে বরাতে আতশবাজি নিষিদ্ধ
৫০ হাজার টন চাল আমদানি করছে সরকার
পারিবারিক কারণ দেখিয়ে ৫ দিনের ছুটিতে বনানী থানার ওসি
বনানীতে ধর্ষণ মামলা: নাগালের বাইরে আসামিরা
সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ শিক্ষার্থী আফরিদার অকাল মৃত্যু
শাহ আমানতে ৬৫ লাখ টাকার সোনা জব্দ
বাসা ছেড়ে পালিয়েছে ‘ধর্ষক’ সাফাত
ফেইসবুক লাইভে আসছেন মেয়র আনিসুল হক
আমিরাতে ভিসা বিক্রির খপ্পরে বাংলাদেশি শ্রমিকরা
‘ধর্ষণ মামলা করতে যাওয়া, ধর্ষিত হওয়ার শামিল’
ড. ওয়াজেদ মিয়ার ৮ম মৃত্যুবার্ষিকী আজ
‘প্রধান বিচারপতি কীভাবে বলেন আইনের শাসন নেই’














মন্তব্য চালু নেই